গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে শনিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রমও। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি পোশাক কারখানা এখনো চালু হয়নি।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য দেখা দেয়। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই দুই মহাসড়কের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের দল বেঁধে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে।

শ্রমিকেরা জানান, মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও কর্মসূচির কারণে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে। এতে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় উৎপাদন কার্যক্রম সচল রাখতে তাঁরা কাজে মনোযোগ দিতে চান। একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদন ঘাটতি কাটিয়ে উঠতেও সহযোগিতা করবেন বলে জানান তাঁরা।

তবে অধিকাংশ কারখানা খুললেও ৩৫টি কারখানা বন্ধ থাকায় সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কাজে ফেরার সুযোগ তৈরি হয়নি। ফলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও পুরোপুরি উৎপাদন কার্যক্রমে ফেরেনি গাজীপুরের পোশাকশিল্প খাত।

সর্বশেষ