রাঙামাটির বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করে অন্তত ১১ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ড্রোনগুলো লক্ষ্য করে গুলি চালান। একই রাতে জেলার বিলাইছড়ি সীমান্তের কয়েকটি নিরাপত্তা স্থাপনার আশপাশেও ড্রোন উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।
তবে ড্রোনগুলোর উৎস, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা বিজিবির গুলিতে কোনো ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বলতে থাকা তিনটি ড্রোন দেখতে পান দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা। সন্দেহজনক গতিবিধি দেখে সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নেন তারা। একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে অন্তত ১১ রাউন্ড গুলি ছোড়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। গুলির সঙ্গে সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলোর গতিবিধি বা পরিণতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও ভারতের মিজোরামসংলগ্ন দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।
বাঘাইছড়ির পাশাপাশি একই রাতে বিলাইছড়ি জোন সদর, হাজাছড়া আর্মি ক্যাম্প ও গাছকটা আর্মি ক্যাম্পের অবস্থান এলাকার আকাশেও ড্রোন উড়তে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। তবে এসব ড্রোনের সঙ্গে বাঘাইছড়ির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানা যায়নি।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিজিবি, সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব বলেন, বিষয়টি বিজিবির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে খবর ছড়িয়েছে, তারাও সেভাবেই বিষয়টি জেনেছেন।
ড্রোনগুলোর পরিচয়, উড্ডয়নের উদ্দেশ্য এবং সীমান্তের বিভিন্ন নিরাপত্তা স্থাপনার আশপাশে সেগুলোর উপস্থিতির বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

