জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মিলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষরা অংশ নিয়েছেন। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

আয়োজকদের লক্ষ্য, কলেজ পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদার করা। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও সম্মিলনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় থাকা শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফলে দেশের উচ্চশিক্ষার সামগ্রিক মানোন্নয়নে এসব কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সর্বশেষ