যুবদল নেতা নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ ছাত্রলীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি :
spot_img

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি দাবি করেছেন, ঢাকায় বসে যুবদল নেতা যে ধরনের কর্মকাণ্ড করছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।

তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে, তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

শামছুল হক আরও বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে, তা সেখানে এলে বুঝতে পারবেন রবিউল ইসলাম নয়ন। তবে তাঁর দাবি, বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সক্ষমতা যুবদল নেতার নেই।

এ সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকেও উদ্দেশ করে বক্তব্য দেন তিনি। আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কেন্দ্রীয় নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন বলে উল্লেখ করেন শামছুল হক।

তিনি বলেন, ‘আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা সারা জীবন মনে রাখবেন।’

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশেও বক্তব্য দেন শামছুল হক। তিনি দাবি করেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় নিষিদ্ধঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ