‘বাঘ লোকালয়ে এলেও শেখ হাসিনাকে শ্যামনগরে ঢুকতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও সীমান্ত পেরিয়ে শেখ হাসিনা ও তাঁর কোনো দোসরকে শ্যামনগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনের কোলঘেঁষা শ্যামনগরে শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব নিহতের পরিবারের স্বজনদের কষ্ট এখনো শেষ হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের বর্তমান ভূমিকা তুলে ধরে ড. মনিরুজ্জামান বলেন, গত নয় মাস ধরে তাঁরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলছেন। শ্যামনগরে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর আগের মতো জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিবেশী একটি দেশের সমালোচনা করে তিনি বলেন, দেশটি শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্যসচিব আশেক ইলাহী মুন্না। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর, কৈখালীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা। তাঁদের মধ্যে ছিলেন নুরুজ্জামান, জি এম লিয়াকত আলী, আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ