কোম্পানীগঞ্জে সড়কে আগুন, গাছ ফেলে অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে দুটি সড়কে অগ্নিসংযোগ, গাছ ফেলে অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পৃথক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে। রোববার সকালে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভূঞা সড়কে কয়েকজন ব্যক্তি আগুন জ্বালিয়ে স্লোগান দেন। তাঁদের নেতৃত্বে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা ওয়াসিম ও ফারুক ওরফে হাতকাটা ফারুক। এ সময় ৫-৬ জনকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। পরে তাঁরা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে অংশগ্রহণকারীদের আবদুল কাদের মির্জার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কথা বলতে শোনা যায়। তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

অন্যদিকে, একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসব ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নাশকতা প্রতিরোধ এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ