সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুল ইসলামের স্ত্রী ও দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে আটকের পর তাঁদের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাতে সায়লা ফারজানাকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং তাঁর দুই ভাইকে মিরপুরের রাকিন সিটি থেকে আটক করা হয়। রোববার সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম তাঁদের আটকের বিষয়টি জানান।

গ্রেপ্তার হওয়া সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাঁর দুই ভাই হলেন রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।

এদিকে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের আওতায় রয়েছে। গত ১৫ অক্টোবর তাঁদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে জমা ছিল ১৯ কোটি ৪৭ লাখ টাকা।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া ওই আদেশে মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর শ্যালক রেজাউল আলম শাহীনও অন্তর্ভুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।

তবে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ