spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম বিএসটিআইয়ের রসায়ন ল্যাবে নতুন মাইলফলক

প্রধান কার্যালয়ের বাইরে প্রথম অ্যাক্রেডিটেশন সনদ অর্জন

মো.মোক্তার হোসেন বাবু
spot_img

মো.মোক্তার হোসেন বাবু: দেশের পণ্যমান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি। প্রথমবারের মতো বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে কোনো আঞ্চলিক ল্যাবরেটরি হিসেবে আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে চট্টগ্রামের এই ল্যাব।

- Advertisement -

রোববার শিল্প মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিএসটিআই ঢাকার পরিচালক (রসায়ন) খলিলুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার ইব্রাহিম খলিল এবং সহকারী পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার ড. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

খাদ্যপণ্যের পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি

বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের রসায়ন ল্যাবরেটরি আমদানি ও দেশীয় খাদ্যপণ্যের গুণগতমান যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষণ প্যারামিটারে এ স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে ভোজ্যতেলের ভিটামিন-এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসজাতীয় পণ্যের ব্রিক্স পরীক্ষা।

সংশ্লিষ্টদের মতে, অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে এসব পণ্যের পরীক্ষণ কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদÐ অনুযায়ী পরিচালনার সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি চট্টগ্রাম থেকে দেওয়া বিএসটিআইয়ের পরীক্ষণ প্রতিবেদন দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও পণ্যের মান ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বিশেষ করে চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান আমদানি-রপ্তানি কেন্দ্র হওয়ায় এখানকার পরীক্ষণ সক্ষমতা বাড়ানোর বিষয়টি খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ ল্যাব

সম্প্রতি বিএসটিআই চট্টগ্রাম কার্যালয় নতুন দশতলা ভবনে স্থানান্তরিত হয়েছে। এর পর থেকেই পরীক্ষণ, মান নিয়ন্ত্রণ ও সেবা কার্যক্রমের পরিধি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। নতুন নতুন পণ্য ও পরীক্ষণ প্যারামিটার যুক্ত হওয়ায় চট্টগ্রামে উৎপাদিত এবং আমদানি করা অধিকাংশ পণ্যের পরীক্ষার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরিতে আধুনিক প্রযুক্তির এএএস, এইচপিএলসি, জিসি-এমএসএমএস, আইসিপি-এমএস ও এলসি-এমএসসহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যে রাসায়নিক উপাদানের উপস্থিতি ও গুণগতমান নির্ভুলভাবে পরীক্ষা করার সক্ষমতা তৈরি হয়েছে।

এ ছাড়া পেট্রোলিয়ামজাত পণ্যের মান যাচাইয়ের জন্য ভিসকোমিটার, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, পোর পয়েন্ট টেস্টার ও ডেনসিটিমিটারসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও ল্যাবরেটরিতে যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বিএসটিআইয়ের রসায়ন ল্যাবরেটরির এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সনদ অর্জন নয়; বরং আঞ্চলিক পর্যায়ে পণ্য পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে আরও পণ্য ও পরীক্ষণ প্যারামিটার অ্যাক্রেডিটেশনের আওতায় আনার মাধ্যমে চট্টগ্রাম থেকেই আন্তর্জাতিক মানের পরীক্ষণসেবা দেওয়ার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ