spot_imgspot_img
spot_imgspot_img

খাটের ভেতর ৯০ হাজার ইয়াবা, ঘরে মিলল সাড়ে ৩৫ লাখ টাকা

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কাঠের তৈরি বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ইয়াবা। অভিযান চালিয়ে সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ১৬ বছর বয়সী এক কিশোরকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের বাসিন্দা আশিক মোমেন মেহেদী (২৩) ও তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোরের নাম সায়মন সরোয়ার (১৬)। তাঁর বাড়িও টেকনাফে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আশিক মোমেন মেহেদীর দখলে থাকা একটি কক্ষে তল্লাশি চালিয়ে কাঠের তৈরি বক্স খাটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সেখানে অত্যন্ত কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৯০ হাজার বড়ি। এসব ইয়াবার মোট ওজন ৮ কেজি ৩৭০ গ্রাম।

অভিযানের সময় ওই কক্ষ থেকে নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মুঠোফোন, ইয়াবা রাখার তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা মাদক বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ। তবে টাকার উৎস ও ইয়াবার চালান কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএনসির উপপরিচালক সোমেন মন্ডল বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আশিক মোমেন মেহেদী ও সাদিয়া ফারহানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বিপুল পরিমাণ এবং নগদ অর্থের উৎস ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ