মো.মোক্তার হোসেন বাবু : দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্র জানায়, গ্যাস সরবরাহ পাওয়ার পর সিইউএফএলে প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়। উৎপাদন স্বাভাবিকভাবে শুরু হওয়ার পরই কারখানাটিতে কারিগরি সমস্যা দেখা দেয়। একপর্যায়ে ভোরে পুরো উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে হয়।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সমস্যা চিহ্নিত করে সমাধানের কাজ চলছে। আগামী রোববারের মধ্যে কারখানাটি পুনরায় চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এর আগে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০২৫ সালের ২ নভেম্বর সিইউএফএলে উৎপাদন চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে চালুর দিনই আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে চলতি বছরের ২ মার্চ কারখানাটি পুনরায় চালু করা হলেও মাত্র দুই দিনের মাথায়, ৪ মার্চ গ্যাস সংকটের কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে গ্যাস সংকট ও কারিগরি ত্রুটির কারণে বারবার উৎপাদন বন্ধ হওয়ায় সিইউএফএলের স্বাভাবিক উৎপাদন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে




