নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন বিচারালয়ে কর্মরত ৯৯ বিচারককে একযোগে বদলি করেছে আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ রয়েছেন।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে দেশের বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কয়েকজনকে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইনসংক্রান্ত পদে পদায়ন করা হয়েছে।
জেলা জজ পর্যায়ে পরিবর্তন
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে। ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব এবং পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে।
এ ছাড়া আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে ডেপুটি সলিসিটর হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত জেলা জজদেরও বদলি
অতিরিক্ত জেলা জজ পর্যায়েও বড় ধরনের রদবদল হয়েছে। দুর্নীতি দমন কমিশন সচিবালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে। রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারকে ঝিনাইদহে, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানকে চুয়াডাঙ্গায় এবং নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন প্রজ্ঞাপনে কুমিল্লা, সাতক্ষীরা, পঞ্চগড়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বরিশাল, যশোর, গাজীপুর, মাদারীপুর ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার আদালতে বিচারকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
১৭ জন পেলেন লিগ্যাল এইডের দায়িত্ব
দেশের বিভিন্ন জেলায় আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ১৭ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের মধ্যে কিশোরগঞ্জে রাহেলা পারভীন, মুন্সিগঞ্জে ফাতেমা তুজ জোহরা মুনা, নরসিংদীতে মো. তারেক আজিজ, জয়পুরহাটে জান্নাতুল রাফিন সুলতানা, কুড়িগ্রামে কনক বড়ুয়া, দিনাজপুরে ফাতিমা খাতুন, মাগুরায় সাবিনা ইয়াসমিন এবং ঝিনাইদহে তারিকুল ইসলাম রয়েছেন।
এ ছাড়া কুষ্টিয়ায় মো. আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে আসমা মাহমুদ, ঢাকা মহানগরে তানিয়া ইসলাম, ময়মনসিংহে নাসিমা খাতুন, কক্সবাজারে মোহাম্মদ দাউদ হাসান, যশোরে চট্টগ্রামের মানি লোন কোর্টের যুগ্ম জেলা জজ মো. হাসিবুল হাসান, রাজবাড়ীতে শারমিন সুলতানা সুমি এবং বান্দরবানে শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
চট্টগ্রামেও পরিবর্তন
বদলির তালিকায় চট্টগ্রামের দুই বিচারক রয়েছেন। চট্টগ্রামের মানি লোন কোর্টের যুগ্ম জেলা জজ মো. হাসিবুল হাসানকে যশোরের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে। অন্যদিকে সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে ঢাকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।




