spot_imgspot_img

তারেক রহমানকে ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, তারেক রহমান কি হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন।

- Advertisement -

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এদিন সকালেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশ্যে লং মার্চ শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, অতীতে স্বৈরাচার এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তাই তারেক রহমানকেও ক্ষমতা থেকে যাওয়ার পথ নিজেকেই নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছর তারা মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সেই সময়ে বিএনপিও তাদের সঙ্গে ছিল। কিন্তু বিএনপি সরকারে আসার পর জনগণের মানবাধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ইতিহাসে তাদের স্থান হয়েছে আস্তাকুঁড়ে। তারেক রহমানকে ঠিক করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে বিদায় নেবেন।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় জনগণের অধিকার হরণের জন্য যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও একই আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করছে।

লং মার্চকে ঘিরে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচি ঠেকাতে গত রাত থেকে বিভিন্ন স্থানে ১১ দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও জড়িত বলে তিনি অভিযোগ করেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার থামানো সম্ভব হবে না। দাবি বাড়ছে, আর সব দাবি শেষ পর্যন্ত এক দফায় এসে ঠেকবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই ঢাকা-রংপুর লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ