ইরানে পুলিশ হত্যার অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সদস্য হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অভিযুক্তদের আলিরেজা সেপাহি ও আলিরেজা রাইসি হিসেবে শনাক্ত করেছে। তাদের মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট বহাল রাখার পর তা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ইসফাহানে বিক্ষোভ চলাকালে কয়েকটি সহিংস ঘটনায় তারা জড়িত ছিলেন। ওই ঘটনাগুলোতে চার পুলিশ সদস্য নিহত হন।

বিচার বিভাগের দাবি, সেপাহি জীবিত অবস্থায় এক পুলিশ সদস্যের গায়ে আগুন ধরিয়ে দেন। আর রাইসি নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় অংশ নেওয়া এবং সহিংসতায় উৎসাহ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ভয় ও নিরাপত্তাহীনতা তৈরির উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অন্যান্য অপরাধে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়।

গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রার তীব্র দরপতন ও অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বিক্ষোভ শুরু হয়। পরে তেহরান থেকে দেশটির বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। বিভিন্ন শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া যায়। এ সময় সরকারি ভবন ও পুলিশের যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বিক্ষোভের সময় ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। মোবাইল যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো। তবে হতাহতের ও গ্রেপ্তারের সংখ্যা নিয়ে তাদের দেওয়া পরিসংখ্যানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ