জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সফরের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
তিনি জানান, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। সফরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তবে ঢাকা থেকে ঠিক কোন দিন প্রধানমন্ত্রী রওনা দেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরের আমন্ত্রণ আসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পক্ষ থেকে। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।
ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে টোকিও সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পরবর্তীতে বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
এদিকে একই বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
জাপানের পক্ষ থেকে আমন্ত্রণের পর বাংলাদেশও পাল্টা আমন্ত্রণ জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সফরের কর্মসূচি ও আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

