চকবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চসিকের অভিযান

মো.রাকিব,চট্টগাম:
spot_img

মো.রাকিব,চট্টগাম: নগরের চকবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে ফুটপাতের বিভিন্ন দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সড়ক ও জনসাধারণের চলাচলের পথে থাকা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চসিকের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও পথচারীদের চলাচলের বেশ কিছু জায়গা উন্মুক্ত হয়।

অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি রেখে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে কয়েকটি যানবাহনকে জরিমানাও করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত থেকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের সড়ক ও ফুটপাত মূলত পথচারী ও যানবাহন চলাচলের জন্য। এসব জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে রেখে নাগরিকদের ভোগান্তিতে ফেলা যাবে না।

তিনি বলেন, ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে অবৈধ পার্কিং কিংবা অনুমোদনহীনভাবে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনের কারণে নগরের স্বাভাবিক পরিবেশ ও চলাচল ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে।

মেয়র আরও বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধ দখল ও স্থাপনার কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা জরুরি।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তবে শুধু প্রশাসনিক অভিযান নয়, নগরবাসীকেও আইন মেনে চলতে হবে এবং জনসাধারণের চলাচলের জায়গা দখল করা থেকে বিরত থাকতে হবে।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।

সর্বশেষ