ইসরাইলি হামলায় শিক্ষার্থী নিহত ২০ হাজার ৭৪৮, শিক্ষকও হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

গাজা উপত্যকা ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরাইলি হামলায় ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫৮ জন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী প্রাণ হারিয়েছেন।

- Advertisement -

বুধবার ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিক্ষা খাতে ইসরাইলি হামলার প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ আহত ও আটক হয়েছেন। সংঘাতের কারণে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

গাজায় নিহত শিক্ষার্থী ২০ হাজারের বেশি

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকাতেই নিহত হয়েছেন ১৯ হাজার ১৮৯ জন স্কুলশিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিহত হয়েছেন আরও ১ হাজার ৩৮৬ জন।

হামলায় গাজায় ২৮ হাজার ৫৮৬ জন স্কুলশিক্ষার্থী এবং ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য। গাজায় ৮০৫ জন স্কুলশিক্ষক ও কর্মচারী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৯৮ জন স্কুলকর্মী এবং ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয়ের কর্মী।

পশ্চিম তীরেও শিক্ষার্থী-শিক্ষকদের ওপর হামলা

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে ইসরাইলি হামলায় ১৩৪ জন স্কুলশিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

একই সময়ে আহত হয়েছেন ৮৭১ জন স্কুলশিক্ষার্থী এবং ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ ছাড়া ইসরাইলি বাহিনী ৪১৬ জন স্কুলশিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে।

পশ্চিম তীরে সাতজন শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৭৬ জনের বেশি শিক্ষক ও স্কুলকর্মী এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে।

ধ্বংসের মুখে গাজার অবকাঠামো

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে গাজার সামগ্রিক পরিস্থিতিরও একটি চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।

দীর্ঘস্থায়ী হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার ওপরও। বহু শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম চালানোর মতো অবস্থায় নেই।

পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ও আটক

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে একই সময়ে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত হয়েছেন। এ ছাড়া ২৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলমান সংঘাত শুধু প্রাণহানিই ঘটাচ্ছে না, দেশটির শিক্ষা অবকাঠামো ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাজীবনকেও গভীর সংকটের মধ্যে ফেলেছে।

সর্বশেষ