ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গণপরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, যানজট ও সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের যানজট সমস্যা কমানো এবং নগরবাসীর চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।

রাজধানীর গণপরিবহন খাতে বিদ্যমান নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে সেগুলো দূর করার বিষয়েও বৈঠকে আলোচনা হচ্ছে। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ