সিসিটিভিতে অস্পষ্ট ছবি, অধরাই জার্মান পর্যটকের ব্যাগচোর

ঢাকা ছাড়ছেন ক্রিল, ফেরত পাওয়ার আশা কমছে ল্যাপটপ-ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জার্মানির ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল লেন্ডার উইবারের চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে এখনো কোনো সাফল্য পায়নি পুলিশ। নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে ব্যাগটি চুরির পর একাধিক সংস্থা মাঠে নামলেও সন্ধান মেলেনি চোরের। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা গেলেও অস্পষ্ট ছবির কারণে তাকে শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে তদন্তসংশ্লিষ্টদের।

- Advertisement -

এদিকে, বাংলাদেশ সফর শেষ করে সোমবার (১২ অক্টোবর) রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে ক্রিলের। এর আগে ব্যাগে থাকা ল্যাপটপ, ক্যামেরা ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফিরে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে তার। পুলিশ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যাগটি উদ্ধার হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এই তরুণ পর্যটক।

রাজশাহী ও নাটোর পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিল। কালবেলা অনলাইনের এই প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি বলেন, ‘পুলিশ চেষ্টা করছে। কিন্তু কবে ফেরত পাব জানি না। সিসিটিভির ফুটেজ আরও পরিষ্কার হলে হয়তো চোরকে চিনতে সহজ হতো। সিসিটিভির ফুটেজ এমন হবে কেন?’

বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যাগ চুরি
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার উদ্দেশ্যে সফরে এসেছিলেন ক্রিল। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। পরে স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে টিকিট কাটতে গেলে ঘটে বিপত্তি।

ক্রিলের অভিযোগ, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। ওই ব্যক্তিকে বিশ্বাস করে টিকিট কাটতে যাওয়ার সময় নিজের ব্যাগটি তার কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি উধাও।

চুরি যাওয়া ব্যাগে ছিল ম্যাকবুক, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান ও ব্যক্তিগত সামগ্রী। বিশেষ করে ল্যাপটপে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ। ঘটনাটি জানাজানি হলে নাটোরের প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংবাদিকেরাও তার পাশে দাঁড়ান।

রাজশাহীতে মিলেছিল ব্যাগের অবস্থান, পরে খোঁজ নেই
ব্যাগ চুরির খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নামে নাটোর পুলিশ। রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক সন্দেহভাজন যুবকের চলাফেরা শনাক্তের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ওই ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হয়নি ব্যাগও।

ঘটনার পর ক্রিলকে রাতে রাজশাহীতে পাঠানো হয়। সেখানেও ব্যাগ উদ্ধারে অভিযান চালায় রেলওয়ে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর হাফিজুর রহমান শনিবার রাতে জানান, জার্মান পর্যটকের ব্যাগ উদ্ধারে বিভিন্ন ইউনিট একসঙ্গে কাজ করছে। সন্দেহভাজন যুবকের ছবি পাওয়া গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি ব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, একপর্যায়ে রাতে রাজশাহীতে ব্যাগটির অবস্থান শনাক্ত করা গেলেও অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন সকালে নাটোরের আব্দুলপুরে ব্যাগটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়। এরপর আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।

ওসি জানান, ঘটনাটি নাটোরে ঘটায় সেখানে জিডি করা হয়েছে। তবে রাজশাহীতে ব্যাগের অবস্থান শনাক্ত হওয়ায় রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযানে সহায়তা করছে।

একাধিক ইউনিটের অভিযান, তবু মিলছে না সূত্র
পুলিশ জানায়, ব্যাগ উদ্ধারে সান্তাহার ও পাকশী রেলওয়ে পুলিশ, নাটোর জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্যুরিস্ট পুলিশ ও এসআরবি সমন্বিতভাবে কাজ করছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, স্টেশনের সিসিটিভি ফুটেজ কিছুটা অস্পষ্ট হওয়ায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত একাধিকবার স্থান পরিবর্তন করায় তার অবস্থান শনাক্ত করাও জটিল হয়ে উঠেছে।

তবে এতগুলো সংস্থা কাজ করার পরও ব্যাগ উদ্ধার না হওয়ায় হতাশ ক্রিল। বাংলাদেশ সফরের শেষ সময়ে এসে নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফিরে পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

নতুন ম্যাকবুক পেলেও কাটেনি হতাশা
ক্রিলের দুর্ভোগের খবর জানার পর মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি তাকে নতুন একটি ম্যাকবুক উপহার দিয়েছেন। বাংলাদেশিদের কাছ থেকে এমন সহযোগিতা ও আতিথেয়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান তরুণ।

তবে নতুন ল্যাপটপ পেলেও হারানো কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্রের দুশ্চিন্তা কাটছে না তার। ক্যামেরাসহ অন্যান্য সামগ্রীও এখনো ফিরে পাননি তিনি।

ক্রিল জানিয়েছেন, ভারত হয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এরপর নিজ দেশ জার্মানিতে ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

বাংলাদেশ সফরের স্মৃতি সঙ্গে নিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ পর্যটক। কিন্তু শেষ মুহূর্তেও যদি ব্যাগটি উদ্ধার না হয়, তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি ও ক্যামেরা হারানোর আক্ষেপ নিয়েই তাকে ফিরতে হবে।

সর্বশেষ