ভারতীয় মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণ প্রস্তুত রয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, মহান বিজয় দিবস সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক। এ ধরনের মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি।

তিনি ওই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আজিজুল ইসলাম ইসলামাবাদী আরও বলেন, ভারতীয় কোনো শক্তি বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী ও মুফতি ইমামুদ্দীন।

সমাবেশে বক্তারা ভারতীয় মন্ত্রীর বক্তব্যের পাশাপাশি দেশে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দেশবিরোধী ষড়যন্ত্র ও যেকোনো আগ্রাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।

সর্বশেষ