ইরানের সম্ভাব্য হামলার হুমকি ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁদের মধ্যে মন্ত্রিসভার কয়েকজন সদস্যও রয়েছেন। সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসনে বেসামরিক প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের এমন অবস্থানকে নজিরবিহীন হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ সামরিক ঘাঁটির আবাসনে উঠেছেন। এ ছাড়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারও গত বছর পরিবার নিয়ে সামরিক ঘাঁটিতে চলে যান।
কর্মকর্তাদের এই স্থানান্তরের পেছনে অন্যতম কারণ হিসেবে ইরানের সম্ভাব্য হামলার হুমকি এবং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, ওয়াশিংটনে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি সামরিক আবাসনে আশ্রয় নিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের দায়িত্বে রয়েছেন তিনি। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশের স্থানান্তরের পেছনেও নিরাপত্তাঝুঁকির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনেইরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং স্টিফেন মিলারের পরিবার বসবাস করছে। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এই আবাসন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
তবে সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। সামরিক সদস্যদের জন্য বরাদ্দ বাড়িতে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের থাকার আইনি ভিত্তি, ভাড়া পরিশোধ এবং আবাসন বরাদ্দের নিয়ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস। তিনি সামরিক আবাসনে কর্মকর্তাদের অবস্থানের নিরাপত্তাগত কারণ, আইনি ভিত্তি ও ভাড়ার হিসাব জানতে পেন্টাগনের কাছে প্রতিবেদন চেয়েছেন। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে এ-সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তাদের এভাবে সামরিক স্থাপনায় বসবাসের প্রবণতা বাড়লে তাঁরা সাধারণ মানুষের জীবনযাপন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।
সূত্র: সিএনএন

