সৌদি আরবে হামলার জেরে হুতিদের বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা শিগগিরই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

- Advertisement -

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। হামলার খবর আমরা মাত্রই জেনেছি। তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

এর আগে শুক্রবার সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘এটা ভালো নয়। বিষয়টি নিয়ে আমি খুশি নই।’

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবে হামলার ঘটনায় ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।

তবে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ট্রাম্পের বক্তব্যে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে পরিস্থিতি পর্যালোচনার ওপর।

সূত্র: আল আরাবিয়া

সর্বশেষ