জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২৩ নভেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক তাকে জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেন। তবে জিজ্ঞাসাবাদের সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২৭ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া তিনি মামলার বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের কাজ চলছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

