রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে ব্যক্তিজীবনে ফরজ বিধান পালনের আহ্বান ফয়জুল করীমের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সমাজ ও রাষ্ট্রে ইসলামের বিধান প্রতিষ্ঠার আগে প্রত্যেক মুসলমানকে নিজের ব্যক্তিজীবনে ইসলামের ফরজ বিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেছেন, ব্যক্তিজীবনে ইসলামের বিধান যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা না হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ সুগম হবে না।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাই ময়দানে জুমার নামাজের আগে বয়ানে তিনি এসব কথা বলেন।

বয়ানে ফয়জুল করীম বিশেষভাবে ইসলামের পর্দার বিধান পালনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পর্দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় জীবন—কোনো ক্ষেত্রেই এ বিধান উপেক্ষা করার সুযোগ নেই। প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ অবস্থান থেকে পর্দার বিধান মেনে চলা।

তিনি আরও বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করতে হবে। ব্যক্তিজীবনে ইসলামের অনুশাসন প্রতিষ্ঠিত হলে বৃহত্তর পরিসরে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথও সহজ হবে।

এদিকে, শুক্রবার চরমোনাই ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হন।

জুমার জামাতে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট আলেম-ওলামা, নাগরিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চরমোনাই ময়দানে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে জুমার জামাতকে কেন্দ্র করে ধর্মীয় সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।

সর্বশেষ