শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিং, গ্রেপ্তার ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ সুপার জানান, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠসংলগ্ন সড়কে মাইকিং করেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে ১৮ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত ও অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই শহিদুল ইসলাম শহীদ ও আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ এ বিষয়ে জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। নওগাঁ জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় ঘোষণা করে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় মাইক স্থাপন করে এক যুবক প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। পরে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে প্রচারণা শেষ করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা চলছে।

সর্বশেষ