মুক্তিযোদ্ধার দাফনে বাধা, স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জার: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি এ ঘটনাকে স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে জিএম কাদের উল্লেখ করেন, গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুর পরও নির্বিঘ্নে সমাহিত হওয়ার সুযোগ পাননি বলে অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। এ কারণে তাঁর জানাজা ও দাফন নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জিএম কাদের বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশি পাহারায় মানিক পশারীকে দাফন করা হয়। পরিবারের অভিযোগ, আগে খনন করা কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছিল। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খনন করেন। এমন ঘটনা শোকাহত পরিবারের জন্য মর্মান্তিক এবং সমাজের জন্য অশনিসংকেত।

তিনি পিরোজপুরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করেন। জিএম কাদের বলেন, রাজনৈতিক বিরোধ কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো ব্যক্তির মরদেহের অসম্মান করা বা তাঁর শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থি।

বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইনসে গোপনে গার্ড অব অনার দেওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর প্রশ্ন, একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন আড়ালে রাষ্ট্রীয় সম্মান জানাতে হবে? এ ধরনের পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

জিএম কাদের আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও সম্ভাব্য গাফিলতি তদন্ত করে দেখতে হবে। কোনো স্বাধীনতাবিরোধী শক্তির চাপের কাছে প্রশাসনের নতি স্বীকার করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবার এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিএম কাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, যাঁরা দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন, মৃত্যুর পর তাঁদের সম্মানজনক শেষবিদায় নিশ্চিত করতে না পারা জাতির জন্য ব্যর্থতা।

সর্বশেষ