যুবসমাজকে শুধু চাকরির পেছনে ছুটতে উৎসাহিত না করে প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি করতে হবে, যাতে তাঁরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
তিনি বলেন, শুধু চাকরি খোঁজার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তরুণদের নতুন উদ্যোগ গ্রহণ, সৃজনশীল চিন্তা এবং বাস্তবমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মনোযোগী হতে হবে।
এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, তরুণদের মানসিকতায় উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস তৈরি করা জরুরি। এ ধরনের চাকরিমেলা তাঁদের নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করবে এবং স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে। একই সঙ্গে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে।
তরুণ প্রজন্মকে দেশের সফল উদ্যোক্তা ও মানবিক ব্যক্তিত্বদের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা হতে হবে। তাঁদের মতো উদ্যোগী হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধ ধারণ করতে হবে।
দিনাজপুরের ভৌগোলিক অবস্থান ও উন্নয়ন সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরের বিরামপুরসহ আশপাশের এলাকার উন্নয়নে তরুণদের প্রতিভা বিকাশের বিকল্প নেই। ভৌগোলিকভাবে পিছিয়ে থাকা এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।
দিনব্যাপী এ চাকরিমেলাকে কেন্দ্র করে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। তাঁদের মধ্যে তাৎক্ষণিকভাবে শতাধিক প্রার্থী চাকরি পেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত যাচাই-বাছাইয়ের পর শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যরা।
এ ছাড়া দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কর্মকর্তা, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

