বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অতীতের অনিয়মের পুনরাবৃত্তি রোধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

- Advertisement -

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এ আয়োজনে রিজভী বলেন, বিদ্যুৎ খাতে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় রাখাও জরুরি।

দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার দাবি থাকলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দরিদ্র অনেক পরিবার ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করে। ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ভিত্তিতে মানুষের দারিদ্র্য পরিস্থিতি নির্ধারণ করলে প্রকৃত চিত্র উঠে না-ও আসতে পারে।

রিজভী বলেন, দারিদ্র্য নিরূপণে বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান কাজে লাগানোর ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন সামনে আসা উচিত। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করে তা যাচাই-বাছাই করতে হবে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিনিয়োগের সম্ভাবনা

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে। নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এ পরিস্থিতিতে হতাশ না হয়ে সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। রাষ্ট্রের কোনো খাত বা প্রতিষ্ঠানই জবাবদিহির বাইরে থাকতে পারে না।

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম এবং সংশ্লিষ্ট গবেষণার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ