সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে একটি টহল জাহাজ দিচ্ছে জাপান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে অনুদান সহায়তা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্যেই এ উদ্যোগ নেওয়া হলো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় অনুদান সহায়তা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন এবং তা বিনিময় করেন। ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ সরবরাহ করা হবে। এর মাধ্যমে দেশের সামুদ্রিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়বে।
নতুন জাহাজটি সামুদ্রিক অপরাধ মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ কোস্ট গার্ডকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সমুদ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং বিপদগ্রস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছানোর সক্ষমতাও বাড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা খাতে পারস্পরিক অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সহযোগিতা বাড়বে এবং বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব নতুন মাত্রা পাবে।

