মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

- Advertisement -

এর আগে একই দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল ৮টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় জলকামান ব্যবহার করার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

পুলিশের পদক্ষেপের পর শ্রমিকেরা ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পর আবার বিভিন্ন দিক থেকে সংগঠিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চলা সংঘর্ষের পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

তবে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই দুপুরে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল ও জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

সর্বশেষ