আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমতে পারে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জ্বালানির ক্রমবর্ধমান দাম ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেছেন, সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানো গেলে আগামী গ্রীষ্মে দেশে লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সৌরবিদ্যুতের প্রসারে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর সুফল আগামী গ্রীষ্মেই পাওয়া যেতে পারে বলে আশা করছেন তারা।

তিনি বলেন, গত আট মাস ধরে সরকার সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে কাজ করছে। সাধারণ মানুষকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হচ্ছে। দেশে সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও উপস্থিত থাকবেন।

গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করা গেলে গ্রামাঞ্চলে লোডশেডিং থাকবে না বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও এখন অফ-গ্রিড ব্যবস্থায় চলে গেছেন। তার বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না।

এ সময় দেশের বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন জ্বালানিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের কথা প্রচার করা হলেও অনিয়ম ও লুটপাটের কারণে এখন এর মাশুল দিতে হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। এ খাতে জনগণের অংশগ্রহণ বাড়ানো গেলে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি বিদ্যুতের ওপর প্রচলিত গ্রিড ব্যবস্থার নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে।

সর্বশেষ