বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিমানবন্দরে লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধমকির ঘটনা ঘটে।

এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

দীর্ঘদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই সংসদ সদস্য।

সর্বশেষ