নিবন্ধন ছাড়া সড়কে চলবে না ই-রিকশা, সোমবার থেকে শুরু হচ্ছে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। নিবন্ধন না থাকলে নতুন নিয়মে কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। আগামীকাল সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় এ নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে সব সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যেসব রিকশা সড়কে চলাচল করছে, সেগুলো এখনই বন্ধ করা হচ্ছে না। বৈধ-অবৈধ সব ধরনের রিকশা আপাতত চলাচল করতে পারবে। তবে নতুন করে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে দেওয়া হবে না।

নিবন্ধনের ক্ষেত্রে একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার অনুমোদন নিতে পারবেন।

ই-রিকশার গতিসীমা নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি যানবাহনে স্পিডোমিটার বসানো বাধ্যতামূলক। সাধারণ সড়কে এসব যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার রাখা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি গতিতে চলা যাবে না।

তিনি আরও জানান, নিবন্ধনের দিন থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। পাশাপাশি ব্যাটারি চার্জের জন্য নির্দিষ্ট চার্জিং স্টেশন ব্যবহার করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙার সুযোগও থাকবে না।

নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দুই যাত্রী বহনক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। আর চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ই-রিকশার চলাচল আরও সুশৃঙ্খল করতে জোনভিত্তিক ব্যবস্থা চালু, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং আলাদা রং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারের। এসব ব্যবস্থা চূড়ান্ত হলে সিটি করপোরেশন এলাকাগুলোতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম কার্যকর হবে।

সর্বশেষ