রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিস্ফোরণ ঘটল দুটি ককটেলের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর ভাটারায় প্রগতি সরণিতে ঝটিকা মিছিল বের করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে সেখান থেকে বিস্ফোরিত ককটেলের খোসা, মোটরসাইকেল ও ফেস্টুন উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেলের খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, বাড্ডার দিক থেকে কুড়িলমুখী হয়ে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রগতি সরণিতে মিছিল বের করেন। এ সময় তারা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে ওই মিছিলে অংশ নিতে দেখা গেছে। ভিডিওতে তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগানও রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ