২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের কথা বলে কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত পাওয়া এই অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজযাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে ইন্স্যুরেন্সের আওতাবহির্ভূত চিকিৎসা ব্যয়ের নামে মোট ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার পর সৌদি সরকার পুরো অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে।
তিনি আরও জানান, ফেরত আসা অর্থ দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে এজেন্সিগুলো সংশ্লিষ্ট হজযাত্রীদের অর্থ বুঝিয়ে দেবে।
হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের নামে কেটে নেওয়া অর্থ ফেরত পাওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট ৩০০ বাংলাদেশি হজযাত্রী তাদের পাওনা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

