মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

মিয়ানমারের রাখাইন ও কারেনি রাজ্যের বিভিন্ন এলাকায় সামরিক জান্তার বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

- Advertisement -

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার (১ অক্টোবর) রাখাইন রাজ্যের চারটি শহর এবং এর আগের দিন কারেনি রাজ্যের লোইকাও শহরে এসব হামলা চালানো হয়।

স্বাধীন সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-উ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদন লক্ষ্য করে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে ওই রাজ্যে অন্তত ১২ জন নিহত হন।

এ ছাড়া শনিবার কারেনি রাজ্যের পূর্বাঞ্চলীয় লোইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ওই সময় ছুটির দিন হলেও স্কুলটিতে শিশুদের জন্য পুষ্টিবিষয়ক একটি কার্যক্রম চলছিল। হামলায় তিন শিশু নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও আটজন।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই আরও ভয়াবহ রূপ নেয়।

বিশেষ করে রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। এ রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশের বসবাস। দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের মুখে বাস্তুচ্যুত হয়েছেন বহু রোহিঙ্গা। জীবন বাঁচাতে কয়েক লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ