জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের দাবি ও সরকারের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ থেকে ২০ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক তহবিলের অর্থ ঋণ হিসেবে নয়, বরং অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ কারণে কার্বন নিঃসরণে বেশি ভূমিকা রাখা দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গত ছয় মাসে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার। সম্মেলনে এসব উদ্যোগের অগ্রগতি ও ইতিবাচক ফলাফল আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট সময়সূচি ও সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিস্তারিত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ