ইউরোপের চার দেশে উড়োজাহাজে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইউরোপের চার দেশ পোল্যান্ড, স্পেন, বুলগেরিয়া ও ইতালির বিভিন্ন বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) একাধিক ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার এবং উড়োজাহাজে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ।

- Advertisement -

স্পেনে ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি দেওয়া হয়। পরে উড়োজাহাজটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে নিরাপত্তা তৎপরতা শুরু হয়।

মুরসিয়ায় স্পেন সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো লুকাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, উড়োজাহাজটির ১১৪ জন যাত্রী ও সাতজন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এরপর যাত্রী ও ক্রুদের নিরাপত্তা পরীক্ষা এবং উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এইনা জানিয়েছে, ফ্লাইটটি নির্ধারিত সময়েই মুরসিয়ার করভেরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে এ ঘটনার কারণে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী দুটি পৃথক ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। দেশটির সংবাদমাধ্যম টিভিপি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ওয়ারশ শোপেন ও মডলিন বিমানবন্দরকে ঘিরে এ ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ওয়ারশ শোপেনগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়ারশ মডলিন বিমানবন্দরে অবতরণ করানো হয়। উড়োজাহাজটিতে ১৮১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর যাত্রীদের আগমন হলে নিয়ে যাওয়া হয় এবং উড়োজাহাজটিতে তল্লাশি শুরু হয়। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজটি রাখা এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কোপেনহেগেন থেকে ওয়ারশ শোপেনগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে।

একই দিনে ইউরোপের একাধিক দেশের বিমানবন্দরে এমন হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব হুমকির সত্যতা কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

সর্বশেষ