আন্তর্জাতিক বাজারে আবারও কমল স্বর্ণের দাম, আউন্স ৩৯০৩ ডলার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানকে এ দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -

মঙ্গলবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৯০৩ দশমিক ৪৮ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দরেও পতন হয়েছে। এ ক্ষেত্রে প্রতি আউন্সের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৩ দশমিক ৮০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে স্বর্ণের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। নির্বাচনের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল। তবে একদিনের ব্যবধানেই সেই ঊর্ধ্বমুখী ধারা থেমে যায় এবং মঙ্গলবার আবারও দরপতনের মুখে পড়ে স্বর্ণ।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ