পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের জন্য ইরানের পাঁচ দফা সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ ও এর পরবর্তী তেজস্ক্রিয় ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে বিস্ফোরণের সময় নিরাপদ আশ্রয় নেওয়া, তেজস্ক্রিয় ধুলা থেকে শরীর পরিষ্কার রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে।

- Advertisement -

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণের সময় এবং পরবর্তী সময়ে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নির্দেশনা অনুসরণ করা জরুরি।

নির্দেশনায় বলা পাঁচটি সুরক্ষাব্যবস্থা হলো—

১. বিস্ফোরণের আলো থেকে চোখ সরিয়ে দ্রুত আশ্রয় নিতে হবে: পারমাণবিক বিস্ফোরণের সময় তৈরি হওয়া তীব্র আলোর দিকে সরাসরি তাকানো যাবে না। দ্রুত কোনো শক্ত দেয়াল বা নিরাপদ প্রতিবন্ধকের আড়ালে যেতে হবে। বিস্ফোরণের ধাক্কা বা ব্লাস্ট ওয়েভ শেষ না হওয়া পর্যন্ত মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ হাত দিয়ে ঢেকে রাখতে হবে।

২. বিস্ফোরণের ধাক্কা থামলে নিকটবর্তী ভবনে ঢুকতে হবে: ব্লাস্ট ওয়েভ চলে যাওয়ার পরপরই কাছের কোনো মজবুত ভবনের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে অবস্থান করতে হবে। বিস্ফোরণের দৃশ্য দেখতে বা ছবি তুলতে বাইরে থাকা যাবে না। গাড়ির ভেতরকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

৩. শরীরে লেগে থাকা তেজস্ক্রিয় ধুলা পরিষ্কার করতে হবে: তেজস্ক্রিয় কণার সংস্পর্শে আসা ব্যক্তিদের শরীরের খোলা অংশ কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার করা যাবে না। গোসলের ব্যবস্থা না থাকলে ভেজা কাপড় বা ওয়েট ওয়াইপস দিয়ে মুখ, হাতসহ শরীরের উন্মুক্ত অংশ পরিষ্কার করতে হবে।

৪. কমপক্ষে ২৪ ঘণ্টা নিরাপদ ভবনের ভেতরে থাকতে হবে: বিস্ফোরণের পরপরই বাইরে বের না হয়ে অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি এড়ানো যায়।

৫. সরকারি ঘোষণা ছাড়া নিরাপদ আশ্রয় ত্যাগ করা যাবে না: ২৪ ঘণ্টা পার হলেই বাইরে বের হওয়া নিরাপদ—এমন ধারণা করা যাবে না। কখন এবং কোথায় যেতে হবে, সে বিষয়ে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচারের নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে ভবনে আগুন লাগা কিংবা ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে বিকল্প নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গতকাল রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার খবর পাওয়া গেছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পারমাণবিক বিস্ফোরণ-পরবর্তী নিরাপত্তা নির্দেশনা প্রচার করা হলো। তবে এই নির্দেশিকা প্রচারকে সম্ভাব্য পারমাণবিক হামলার নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখার সুযোগ নেই।

সর্বশেষ