নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ নিরপেক্ষভাবে শুনতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। নারী ক্রিকেটাররা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই নিজেদের অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক নারী ক্রিকেটারকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
ব্যারিস্টার রাশনা ইমাম বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই সময়ে তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
নতুন কমিটির বিশেষ দিক হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এমন একটি স্বাধীন কমিটি গঠনের দাবি ছিল। অবশেষে সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। যেকোনো নারী ক্রিকেটার চাইলে কমিটির কাছে এসে নিজের অভিযোগ ও অভিজ্ঞতার কথা জানাতে পারবেন।
এর আগে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সে সময় হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের নির্দেশনা অনুসারে অভিযোগ গ্রহণ ও প্রতিকারের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়টিও সামনে আসে।
তখন বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি নারী ক্রিকেটে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।
এবার নতুন স্বাধীন কমিটি গঠনের মাধ্যমে নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর সুযোগ আরও সহজ ও নিরাপদ করার উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডের প্রত্যাশা, এই ব্যবস্থার ফলে খেলোয়াড়রা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন এবং অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করা সহজ হবে।

