সাভার-আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

- Advertisement -

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মবিন নামে একজনকে আটক করেছে পুলিশ। সংঘাতের আশঙ্কায় দুপুরের মধ্যে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন মিয়া এবং শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এবং উলাইল এলাকার আল-মুসলিম কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা সড়কে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সকাল ১০টার দিকে পদ্মার মোড়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম শ্রমিকদের হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

পরে আহত ওসিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি রায়হান বিন আমিন, ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন এবং স্টার নিউজের প্রতিনিধি সোহান সিরাজি। আহত তিন সাংবাদিককেও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে সাভারের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আশুলিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়ে সকাল থেকেই বিক্ষোভ করছিলেন শ্রমিকরা।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এ ঘটনায় আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মবিন নামে এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন মিয়া জানান, শ্রমিকদের হামলায় ওসিসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সাভারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও পরে বহিরাগতদের ইন্ধনে কাজ বন্ধ করে বিক্ষোভে জড়ান। পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে। তিনি জানান, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্তমানে তাদের আওতাধীন এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ