হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতা করবে ইরান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে ইরান। এ জন্য আগাম সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পারাপারে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।

- Advertisement -

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। এ সময় বাংলাদেশের জনগণকে মুসলিম ভাই-বোন হিসেবে উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, নিজেদের নিরাপত্তা ও আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে ইরান নতুন ড্রোন তৈরি করেছে। যেকোনো ধরনের সামরিক হামলা মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে। তবে ইরানের জনগণ যুদ্ধের পরিবর্তে শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই দাবি করে জলিল রহিমি বলেন, আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো না হলে তেহরানও কোনো আরব দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না। পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি পশ্চিমা হস্তক্ষেপমুক্ত আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাবও দেন তিনি।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যকার বিরোধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত বলেন, এ সংঘাত ইরানের ইসলামি বিপ্লবেরও আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার কারণে ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।

ধর্মীয় বিভাজনের বিরোধিতা করে তিনি বলেন, ইরান সমর্থন দেওয়ার ক্ষেত্রে শিয়া-সুন্নি পরিচয়কে প্রাধান্য দেয় না। হামাস সুন্নি সংগঠন হলেও তাদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে। একইভাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের প্রতিও সমর্থনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

এদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে এবং বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের রাষ্ট্রদূত।

তিনি বলেন, সংকটপূর্ণ এই সময়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তায় সহযোগিতা করবে ইরান। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জাহাজের চলাচলের আগে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় থাকতে হবে।

রাষ্ট্রদূতের এ আশ্বাসকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্রবাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ