আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের শাসনামলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়ে থাকলে, সেসবের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সঙ্গে এসব ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও পরবর্তী বৈঠকে জানাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রত্যাগত শরণার্থী এবং গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে বিদ্যমান অনিয়ম দূর করার সুপারিশ করে কমিটি। প্রকৃত উপকারভোগীরা যাতে রেশন কার্ড পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণে নেওয়া উদ্যোগ সম্পর্কেও তথ্য চেয়েছে সংসদীয় কমিটি।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা নিয়ে আলোচনা হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কমানো সম্মানী ভাতা পুনর্নির্ধারণ করে সম্মানজনক পর্যায়ে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।
চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ, এর বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
এদিকে আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

