মোংলাকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে সরকার: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীও এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

- Advertisement -

শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং এ অঞ্চলের মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

শিল্পায়ন ও জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগ

শেখ রবিউল আলম বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি এবং সেবা খাত সম্প্রসারণেও ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এসব সম্ভাবনা বাস্তবে রূপ দিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠার জন্য স্বস্তি, শান্তি ও অগ্রগতির পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় এ অঞ্চলের সম্ভাবনা আবারও বাধাগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ জরুরি। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

মোংলা বন্দরে বাড়ছে অবকাঠামো সুবিধা

মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী বলেন, বন্দরে নতুন কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এ অঞ্চলে চায়না ইপিজেড গড়ে উঠছে এবং বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে।

এ ছাড়া ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি রেল যোগাযোগ চালুর উদ্যোগও রয়েছে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর সরকার এসব সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিছিয়ে থাকা অঞ্চলগুলোর উন্নয়নে গুরুত্ব

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। দেশের কোনো একটি অঞ্চলকে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই এসব অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

সর্বশেষ