আওয়ামী লীগ এখন মাটির নিচে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আওয়ামী লীগকে ইঙ্গিত করে দলটি এখন ‘মাটির নিচে চলে গেছে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি অভিযোগ করেন, বিগত সরকার বিপুল পরিমাণ ঋণের বোঝা দেশের মানুষের ওপর চাপিয়ে গেছে। প্রত্যেক নাগরিকের ঘাড়ে প্রায় ৩৫ হাজার টাকার ঋণ রেখে গেছে বলেও দাবি করেন তিনি।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সংক্ষিপ্ত সফরে গিয়ে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং জনগণের সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করছে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কড্ডা থেকে জামতৈল পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

দেশের চলমান জ্বালানি সংকটের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। যেসব অঞ্চল থেকে বাংলাদেশ তেল, গ্যাস ও পেট্রোল আমদানি করে, সেসব এলাকায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমনকি সৌদি আরবের তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটেছে। ফলে বিশ্বজুড়েই জ্বালানি সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, সংকটের মধ্যেও দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার উচ্চমূল্যে বিদেশ থেকে গ্যাস আমদানি করছে। দায়িত্ব নেওয়ার সময় প্রতি ইউনিট গ্যাসের দাম ১২ ডলার থাকলেও বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। গত কয়েক মাসে জ্বালানি খাতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এভাবে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে থাকলে দেশের অন্যান্য উন্নয়ন ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। বিশেষ করে সড়ক নির্মাণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থের সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। একটি সেতু নির্মাণের জন্য দেশের ব্যাংকিং খাতকে দুর্বল করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজও আগের সরকার সম্পন্ন করতে পারেনি বলে দাবি করেন মন্ত্রী।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০ মাসের মধ্যে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শেষ করেছে। এর ফলে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমেছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সূর্যের আলো কাজে লাগিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এ জন্য বাড়িতে বাড়িতে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি। এতে বিদ্যুৎ বিল কমার পাশাপাশি নিজেদের উৎপাদিত বিদ্যুৎ নিজেরাই ব্যবহার করা সম্ভব হবে। এ উদ্যোগে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ