দেশে সরকার আছে কি না, প্রশ্ন তুললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশে সরকারের কার্যকারিতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, সাবেক হোম ইকোনমিকস কলেজের নারী শিক্ষার্থীরা হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট সমাধান এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে গভীর রাতে পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে ছাত্রীদের আবাসিক হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের পরিস্থিতি দেখার জন্য দেশে কেউ নেই কি না, সে প্রশ্নও তোলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি প্রশাসনের সংবেদনশীল হওয়া উচিত ছিল। আলোচনা ও সমঝোতার পথ অনুসরণ না করে বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা উদ্বেগজনক।

এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, জনগণের ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি কোনোভাবেই চলতে দেওয়া যায় না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও তার বক্তব্যে উঠে আসে।

সর্বশেষ