ইরানে বিস্ফোরণের শব্দ, হরমুজে আগুনে পুড়ল দুই তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

- Advertisement -

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ধারণা, হরমুজ প্রণালিতে দেশটির সামরিক কার্যক্রমের সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। তবে ঘটনাস্থলগুলোতে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। এর আগে শনিবার সংস্থাটি দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছিল। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে রোববার ভোরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদিত পথ অনুসরণ না করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় মাইনে আঘাত লাগে দুটি তেলবাহী জাহাজে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। তবে দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে জাহাজে আগুন লাগার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো একাধিকবার হামলার শিকার হয়েছে। নিজেদের আরোপিত বিধিনিষেধ অমান্য করার অভিযোগে বিভিন্ন জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তেহরান। হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে ইরান।

এর আগে কয়েক দিন আগে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালায়। এক মার্কিন কর্মকর্তা জানান, হামলাটি ছিল সীমিত পরিসরের। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি মার্কিন উড়োজাহাজ থেকে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে জাহাজটি চলাচলের সক্ষমতা হারায়।

সব মিলিয়ে ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন এবং মার্কিন অবরোধ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সূত্র: রয়টার্স

সর্বশেষ