সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছে সরকার।
রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানি এবং আরও ছয়জন আহত হওয়ার খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে কামনাও করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের স্বজন এবং আহতদের পাশে থাকবে সরকার।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান।

