যুদ্ধ ও নির্বাচনে ট্রাম্পের পরাজয়, দাবি ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালিতে সামরিক কৌশলে ব্যর্থতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। তার মতে, যুদ্ধের ময়দান থেকে শুরু করে ভোটের রাজনীতি—দুই ক্ষেত্রেই পরাজয়ের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) ওয়াইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ট্রাম্পকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন রেজায়ি। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের কৌশলের কাছে পরাস্ত হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের চাপে পড়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আট মাস পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মার্কিন নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে ভোটারদের মনোভাবেও।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব থাকার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে অনেকাংশে একমত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে প্রায় ২০ সদস্যের একটি বিশেষ দল গঠনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই দল ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র, প্রযুক্তি ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য সরবরাহ বন্ধে কাজ করবে। সেন্টকমের দাবি, ইরানের কাছে এসব পণ্য পৌঁছানোর পথ সীমিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

একই দিন ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

অন্যদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি দাবি। সংস্থাটির দাবি, প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। জাহাজ দুটির নাবিকদের সর্বশেষ অবস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিকে ইরান নিজেদের কৌশলগত সাফল্যের দাবি করছে, অন্যদিকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা ও সরবরাহব্যবস্থায় নিয়ন্ত্রণ জোরদারের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ