সীমান্ত পেরিয়ে দেশে এসে রাতারগুলে গোপন বৈঠক করেন আ.লীগের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ ঘটনাস্থল শনাক্ত করার পর বিষয়টি সামনে আসে।

- Advertisement -

রঞ্জিত সরকার সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সভার স্থান নিয়ে তৈরি হয় নানা আলোচনা।

ভিডিওতে দেখা যায়, রাতে সামিয়ানা টাঙিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে দুজন ব্যক্তি একটি ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। মঞ্চে একাই বক্তব্য দেন রঞ্জিত সরকার। সভাটি সুনামগঞ্জ-১ আসনকেন্দ্রিক ছিল। শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বর্তমান সরকারের সমালোচনা করেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সভার অবস্থান নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। সুনামগঞ্জ পুলিশ সভাটি সিলেটে হয়েছে বলে জানায়। অন্যদিকে সিলেট পুলিশ দাবি করে, সভাটি সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজিবি ও স্থানীয় বিএনপি নেতারা সুনামগঞ্জ সীমান্ত এলাকায় এমন কোনো সভার তথ্য পাননি বলে জানান।

এ পরিস্থিতিতে ভিডিওতে উপস্থিত থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, রঞ্জিত সরকার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় সভাটি করেছেন।

পরে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সিলেট নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ গিয়ে সভার স্থান শনাক্ত করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল। পরে রঞ্জিত সরকার সেখানে উপস্থিত হন এবং ব্যানার পরিবর্তন করে কয়েক মিনিট বক্তব্য দেন।

পুলিশ সুপার আরও জানান, বক্তব্য শেষ করে রঞ্জিত সরকার ভারতে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই সভার প্রকৃত স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।

সর্বশেষ